বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করল ভূমি অফিস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৩, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৩৩, ২৬ নভেম্বর ২০২৬

সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করল ভূমি অফিস

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে সরকারি খাস জমি জোরপূর্বক দখল, ৪০ বছরের পুরাতন সরকারি গাছ কর্তন এবং সরকারি রাস্তা ভেঙে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
 এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছে বারদী বাজার পরিচালনা কমিটি। এদিকে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে আপাতত নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় ভূমি অফিস।

​অভিযোগ সূত্রে জানা গেছে, বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু ও তার সহযোগী বারদী ইউনিয়ন যুবলীগের সহ-শ্রম বিষয়ক সম্পাদক ওসমানের নেতৃত্বে একটি দল বারদী মৌজার আরএস ৬ ও ৭ নম্বর দাগের সরকারি খাস জমি দখলের চেষ্টা চালাচ্ছে। অভিযোগ অনুযায়ী, এরই অংশ হিসেবে এলাকায় থাকা প্রায় ৪০ বছরের পুরাতন একটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে এবং সরকারি রাস্তা ভেঙে জোরপূর্বক দখল করে অবৈধ ঘর তোলার কাজ শুরু করা হয়।

​এ বিষয়ে বারদী বাজার পরিচালনা কমিটির সদস্য আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন ধরে বাজারের এই খাস জমি ও গাছগুলো সরকারি সম্পত্তি হিসেবে ছিল। হঠাৎ করে সরকারি গাছ কেটে ফেলা হয়েছে এবং রাস্তা ভেঙে অবৈধভাবে ঘর তোলার কাজ শুরু করা হয়েছে। আমরা বাজারের ব্যবসায়ী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দখলমুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

​কমিটির আরেক সদস্য মো. বিল্লাল বলেন, সরকারি রাস্তা ভেঙে আবুল কাশেম বাবু ও তার লোকজন জোড়পূর্বক পুরনো গাছ কেটে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে। এভাবে দখল হতে থাকলে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে। ইউএনও মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি, যেন দ্রুত সরেজমিনে তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

​তবে দখল ও অবৈধ নির্মাণের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু বলেন, এ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের। বাজার কমিটি সরকারি জায়গা দাবি করে অভিযোগ দিয়ে আজ আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। ভূমি অফিসের নায়েব কাগজপত্র চেয়েছেন, শীঘ্রই আমরা তা দিয়ে দেব।

​ঘটনাস্থল পরিদর্শন ও নির্মাণকাজ বন্ধের বিষয়ে বারদী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. রহমতুল্লাহ বলেন, বাজার কমিটির অভিযোগ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে প্রাথমিক সত্যতা পেয়ে আপাতত নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য তাদের তলব করা হয়েছে।

​এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি লিখিত অভিযোগ পেয়েছি; তবে এখনো হার্ড কপি হাতে পাইনি। তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।