আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। আমরা নির্বাচিত হলে শাপলা চত্বরের হত্যাকান্ড থেকে শুরু করে হাদি হত্যাকান্ড পর্যন্ত সকল হত্যাকান্ডের বিচার করবো।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার ভূঁইগড় এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের ভাগ্য পরিবর্তন হবে। সেটা ভালোর জন্য না খারাপের জন্য তা আপনাদের নির্ধারণ করতে হবে। সারা বাংলাদেশে এগারোটি দলের প্রায় এক হাজার প্রার্থীদের আমাদের এক করতে হয়েছে। যারা গত এক বছর ধরে মানুষের কাছে গিয়েছেন নিজেদের ঘাম ঝড়িয়েছেন।
তিনি আরও বলেন, আপনাদের আসনে একটি দলের তিনজন চারজন প্রার্থী। আমাদের দলের এগারোজন থাকার পরেও সবাই এত ত্যাগ স্বীকার করে একসাথে হচ্ছে যেন বারো তারিখ আমরা আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ পাই। যেন বারো তারিখের পর আমরা চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পাই।
এগারোটা দলীয় প্রার্থী ও মার্কাকে বিজয়ী করতে একসাথে চেষ্টা করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস আজ আপনাদের সমাবেশেই আপনাদের ভাই আল আমিনের হাতে শাপলা কলি তুলে দিয়েছেন। এই ত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগাবে।
তিনি বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নারায়ণগঞ্জে আনোয়ার ভাইকে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে এনসিপি আওয়াজ তুলবে। বাংলাদেশের জনগণকে বলতে চাই তারা খুদার্ত শকুনের মত বসে আছে৷ তারা জিতে আসতে পারলে বারো তারিখের পর আর শান্তি পাবেন না। তারা চাঁদাবাজির জন্য দাঁতে ধার দিয়ে বসে আছে।
একটি দলের প্রধান শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছে। জনগণ তাদের চাইলে পাঁচ আগষ্ট তাদের বুকে পাড়া দিয়ে তাদের বিতাড়িত করেছে। আমাদের এই শহীদের একজন জীবন দেয়নি। আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি একটি ভুল করেছিলেন, সেটা হল শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে।

