শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইপিজেডকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে : শাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ইপিজেডকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে : শাহেদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং তাঁর সহযোগীদের জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শাহেদ। তিনি নিজে কিংবা তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কেউ কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত নন বরং যেখানে অন্যায় হয়েছে, সেখানেই তাঁরা প্রতিবাদ জানিয়েছেন বলে দাবী করেন শাহেদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা বলেন তিনি।

তিনি বলেন, ১২ তারিখের পরবর্তী সময় কিংবা তারও আগে ৫ তারিখের পর থেকে আজ পর্যন্ত ইনশাআল্লাহ আমি সহ আমরা কোথাও কোনো অন্যায় কাজে ন্যূনতমও জড়াইনি। বরং যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধেই আমরা অবস্থান নিয়েছি।

তিনি আরও বলেন, টানা ১৭ বছর ধরে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং বহু ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে আজ দেশ স্বাধীন, দল ক্ষমতায় এবং তাঁর নেতা প্রধানমন্ত্রী। এমন একটি সময়ে এসেও নিজেদের ঘিরে ষড়যন্ত্র হওয়াটা দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে শাহেদ আহমেদ জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি আগেই নির্দেশনা দিয়েছেন তিনি বা তাঁর সহযোগীরা যেন কোনো স্থানে না যান। এরপরও যদি কেউ তাঁর নাম ব্যবহার করে কোথাও অনৈতিক কিছু করার চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্টদের আইনের হাতে তুলে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।

তিনি বলেন, গত প্রায় দেড় বছর ধরে তিনি সিদ্ধিরগঞ্জ ইপিজেড-কে কেন্দ্র করে সম্পূর্ণ লাইসেন্সধারী ও আইনসম্মত ব্যবসা পরিচালনা করছেন। এই ব্যবসা ছাড়া অন্য কোনো কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত নন। কিন্তু ১২ তারিখের পর একটি শ্রেণী আবারও ইপিজেডকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে এবং এর সঙ্গে তাঁকে জড়িয়ে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ইপিজেডসহ পুরো নারায়ণগঞ্জ জেলার সব ব্যবসায়িক এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং দখলদারিত্বমুক্ত দেখতে চান তিনি। এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও কামনা করেন শাহেদ আহমেদ।