ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক ইয়াসিন আরাফাতের আদালতে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসান জবানবন্দি দিয়েছেন। তারা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়ে রিমান্ডে ছিলেন। এছাড়া রিমান্ডে রয়েছেন ডেভিডের তার ভাই আব্দুল্লাহ, জাবেদ কায়সার আজাদ ও আদর। এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে গ্রেপ্তারকৃত গুলিবিদ্ধ রিয়াজ ওরফে ডেভিড।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ ঘটনায় মাদক কারবারি ডেভিডের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এসেছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) জানান, ফতুল্লা থানার পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফতুল্লা থানার মামলা নম্বর ৬৭(১১)২৬-এর দুই আসামি জাবেদ কায়সার ওরফে আজাদ ও মাহমুদুল হাসান বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালত তাদের জবানবন্দি গ্রহণ করেন।
জানা গেছে, গ্রেপ্তারকৃত ডেভিডের নিয়ন্ত্রণে হাশেমবাগে প্রায় ৪০ থেকে ৪৫ জন মাদক বিক্রেতা কাজ করতেন। তারা অনেকটা চাকরিজীবীদের মতো নির্দিষ্ট নিয়ম ও নির্দেশনা মেনে মাদক বিক্রি করেন। প্রতিদিন তাদের কাছে একটি করে মোবাইল ফোন, একটি সুইচ গিয়ার ও ইয়াবা সরবরাহ করা হত। বিক্রেতারা প্রতিদিন নির্ধারিত পরিমাণ ইয়াবা বিক্রি করে বিক্রির টাকা ডেভিডের কাছে জমা দিতেন। এরপর তাদের দৈনিক পারিশ্রমিক দেওয়া হতো। পুরো কার্যক্রমটি একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পরিচালিত হয়। ওই দিন সিভিলে থাকা কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডেও ডেভিডের নির্দেশনা ও পরিকল্পনার সংশ্লিষ্টতা রয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। তারা সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এএসআই সাত্তার প্রাণে বাঁচলেও হামলাকারীদের ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।
পরে ২৫ নভেম্বর রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সামাদ, হাসান, আজাদ ও আদরকে গ্রেপ্তার করে পুলিশ ও এসআরবি-১১। অভিযানের সময় ডেভিডের ছোড়া ককটেলে চার পুলিশ সদস্য আহত হন বলে পুলিশের দাবি। পরে পুলিশের গুলিতে ডেভিডের ডান পায়ে আঘাত লাগে।

