শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৬, ২৭ নভেম্বর ২০২৬

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: খোরশেদ

ফাইল ছবি

কিশোরদের মাদক ও কিশোর গ্যাংয়ের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেছেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জামতলা পঞ্চায়েত ও ইয়াং স্টার ক্লাব আয়োজিত জামতলা কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

খোরশেদ বলেন, বর্তমান সরকার শিশু-কিশোরদের মাদক ও কিশোর গ্যাং কালচার থেকে রক্ষা এবং তাদের মানসিক বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি কর্মসূচির আয়োজন করেছে। পাশাপাশি স্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরিতে এমন উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে মীম শরৎ গ্রুপের সহযোগিতায় আরও দুটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন খোরশেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামতলা পঞ্চায়েতের সহসভাপতি ও ব্যবসায়ী নেতা মো. সোহাগ। এ ছাড়া আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।