ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল উইনসেরেক্সসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার কামালনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কুমিল্লা সদর থানার মজলিশপুর গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে মনির হোসেন (৪০), যশোরের চৌগাছা থানার সিংহজুলি গ্রামের জামিল হোসেনের ছেলে রাব্বী হোসেন (২৬) এবং কুমিল্লার মজলিশপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের মেয়ে ও মনির হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩৬)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কামালনগর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে মনির হোসেনের একতলা ভবনের পশ্চিম পাশে একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০ বোতল উইনসেরেক্স ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

