মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে একাধিক প্রার্থীর গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে একাধিক প্রার্থীর গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে নিরাপত্তা শঙ্কায় পুলিশের কাছে ‘গানম্যান’ ও লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নেওয়ার আবেদন করেছেন একাধিক প্রার্থী।

সোমবার দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে ১০ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে ‘গানম্যান’ এর জন্য আবেদন করেছেন।

“তার এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন থাকলেও অন্তর্বর্তী সময়ের জন্য তাকে একজন পুলিশ কনস্টেবলের মাধ্যমে ‘শ্যাডো প্রটেকশন’ দেওয়া হয়েছে।”

অন্যদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা মো. শাহ্ আলম তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রটি নিজের সঙ্গে বহন করার অনুমতি চেয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি থানায় জমা থাকা তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রটি নিজ জিম্মায় নেওয়ার আবেদন করেছেন।

এ দুই প্রার্থীর আবেদনের বিষয়টি জেলা পুলিশের বিশেষ শাখা থেকে অনুমোদনপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন তারেক আল মেহেদী।

এছাড়া নতুন আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স চেয়ে আবেদন করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন।

তার আবেদনের বিষয়ে প্রতিবেদন জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

তবে এ বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।