রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারের সাথে হাতেমের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারের সাথে হাতেমের সাক্ষাৎ

ফাইল ছবি

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিসেস আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। 

শনিবার (৩১ জানুয়ারি) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর জনাব তানভীর মোহাম্মদ আজিম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও রপ্তানি সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি খাতে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের উপস্থিতি বাড়াতে কী ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া যেতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য সহায়ক নীতিমালা, বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা এবং সম্ভাবনার বিষয়গুলো আলোচনায় আসে।
এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময় সফরের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ পার্লামেন্ট সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বাস্তবতায় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নিয়ে মতবিনিময় করা হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে এ ধরনের আলোচনা ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।