রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি

মুড়াপাড়া ইউনিয়নে গণসংযোগ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জে মাদকের সঙ্গে জড়িত হাতেগোনা কয়েকটি পরিবার রয়েছে এবং তাদের পরিচয় এলাকার মানুষের অজানা নয়। নির্বাচনের পর সবাইকে সঙ্গে নিয়ে এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দিপু ভূঁইয়া বলেন, নির্বাচনের পর এলাকায় মা-বোনদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসে সরাসরি সমস্যার কথা শোনা হবে। তিনি জানান, রূপগঞ্জে বেকারত্ব, গ্যাস সংকটসহ নানামুখী নাগরিক সমস্যা দীর্ঘদিনের এবং এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গণসংযোগের সময় স্থানীয় নারী ভোটাররা তাদের দৈনন্দিন নানা সমস্যা তুলে ধরেন। বিএনপির এই প্রার্থী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এদিন মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া ও মহল্লায় গণসংযোগ চালিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। গণসংযোগকালে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।