মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পঞ্চবটি–চাষাঢ়া সড়কের সংস্কার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৬, ২৭ জুলাই ২০২৬

পঞ্চবটি–চাষাঢ়া সড়কের সংস্কার শুরু

ফাইল ছবি

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পঞ্চবটি–চাষাঢ়া সড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা ও বেহাল অবস্থার অবসান ঘটাতে অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) থেকে সড়কটির উন্নয়নকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিয়মিত যাতায়াতকারী যাত্রী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, সড়কটির দ্রুত সংস্কার নিশ্চিত করতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার উদ্যোগের পরই সংস্কার কাজ শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল পরিকল্পনা অনুযায়ী প্রায় দুই সপ্তাহ আগেই কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টিপাতের কারণে সড়কের পরিবেশ অনুকূলে না থাকায় নির্ধারিত সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে আসার পর সোমবার থেকে সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, খানাখন্দ ও ক্ষতিগ্রস্ত কার্পেটিংয়ের কারণে প্রতিদিনই যানজট ও দুর্ভোগ সৃষ্টি হতো। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

সংস্কারকাজ দ্রুত শেষ হলে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম চলছে। কাজ সম্পন্ন হলে পঞ্চবটি–চাষাঢ়া সড়কে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত হবে এবং নগরবাসীর দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হবে।