মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিসিক হোসিয়ারি শিল্প নগরী পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন বিসিক চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪০, ১১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে বিসিক হোসিয়ারি শিল্প নগরী পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন বিসিক চেয়ারম্যান

ফাইল ছবি

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেনজীর আহমেদ টিটু নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ ঐতিহ্যবাহী ‘বিসিক হোসিয়ারি শিল্প নগরী’ ও বিসিক জেলা কার্যালয় সরেজমিনে পরিদর্শন করেছেন। 

মঙ্গলবার (১১ আগস্ট) পরিদর্শনকালে তিনি বিসিক জেলা কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরবর্তীতে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (বিএইচএ) কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

​দিনের শুরুতে বিসিক চেয়ারম্যান জেলা কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবুজায়নের অংশ হিসেবে কার্যালয় প্রাঙ্গণে একটি চারা রোপণ করেন। পরে তিনি বিসিক হোসিয়ারি শিল্প নগরীর অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন।

​পরবর্তীতে বিসিক চেয়ারম্যান বিএইচএ কার্যালয়ে গমন করলে অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের (২০২৫-২০২৭) পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

​মতবিনিময় সভায় বিএইচএ নেতৃবৃন্দ শিল্প নগরীর অবকাঠামোগত সংকট, ড্রেনেজ ও জলাবদ্ধতা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন।

​উদ্যোক্তাদের বক্তব্য শুনে ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু বলেন, দেশের ঐতিহ্যবাহী হোসিয়ারি খাতের উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা সমাধানে বিসিক আন্তরিকভাবে কাজ করছে। ফতুল্লা বিসিক হোসিয়ারি শিল্প নগরীর বিরাজমান সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

​অনুষ্ঠানে বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিসিক নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীগণ, বিএইচএ-এর পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।