বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাসদাইর-গলাচিপায় ওয়াসার পানিতে ময়লা ও তীব্র গন্ধ!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৫, ২০ আগস্ট ২০২৬

মাসদাইর-গলাচিপায় ওয়াসার পানিতে ময়লা ও তীব্র গন্ধ!

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর ও গলাচিপা এলাকায় ওয়াসার পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধ পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পানি ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। 

অভিযোগ রয়েছে, সরবরাহ করা পানি এতটাই নোংরা ও দুর্গন্ধযুক্ত যে তা পান করা তো দূরের কথা, দৈনন্দিন কাজেও ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় ডিপ ড্রেনের কাজ চলাকালে বিভিন্ন স্থানে ওয়াসার পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পাইপ ভেঙে যাওয়ার পর সেগুলো যথাযথভাবে মেরামত না করেই পানি সরবরাহ করা হচ্ছে। ফলে ড্রেনের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ভাঙা পাইপ দিয়ে ওয়াসার লাইনে ঢুকে পড়ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দারা জানায়, কল খুললেই অনেক সময় ঘোলা পানি বের হচ্ছে। পানিতে ময়লা ভাসার পাশাপাশি তীব্র দুর্গন্ধ থাকায় পরিবারের শিশু ও বয়স্কদের নিয়ে তারা বেশি দুশ্চিন্তায় রয়েছেন। বাধ্য হয়ে অনেকে খাবার পানির জন্য বোতলজাত পানি বা বিকল্প উৎসের ওপর নির্ভর করছেন।

গলাচিপা এলাকার বাসিন্দা আসিফ বলেন, কয়েকদিন ধরে পানিতে এমন গন্ধ যে কলের পানি দিয়ে কোনো কাজ করতেও অস্বস্তি হচ্ছে। পান করার প্রশ্নই আসে না। আগে পানি স্বাভাবিক ছিল। ড্রেনের কাজ শুরু হওয়ার পর থেকেই সমস্যাটা বেশি চোখে পড়ছে।

মাসদাইর তালাফ্যাক্টরি এলাকার বাসিন্দা অর্নব বলেন, কলের পানি দেখতে অনেক সময় ঘোলা থাকে, আবার গন্ধও পাওয়া যায়। রান্না বা খাবারের কাজে এই পানি ব্যবহার করা যাচ্ছে না। ওয়াসার লাইন কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে দ্রুত সেটা খুঁজে মেরামত করা দরকার।

গলাচিপা এলাকার গৃহিণী মকসুদা বেগম বলেন, বাসার কাজে প্রতিদিন অনেক পানি লাগে। কিন্তু এই পানি দিয়ে কাপড় ধোয়া, রান্না কিংবা গোসল—সবকিছুতেই সমস্যা হচ্ছে। ছোট বাচ্চাদের নিয়ে সবচেয়ে বেশি ভয় হয়। পরিষ্কার পানি না পেলে সংসার চালানোই কঠিন।

স্থানীয়দের অভিযোগ, ডিপ ড্রেন নির্মাণ ও সংস্কার নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য গুরুত্বপূর্ণ হলেও কাজের সময় পানি সরবরাহের পাইপলাইন সুরক্ষার বিষয়টি যথাযথভাবে দেখা হচ্ছে না। কোথাও পাইপ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামত না করায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে তাদের দাবি।

তারা বলছেন, ড্রেনের ময়লা পানি যদি ওয়াসার সরবরাহ লাইনে প্রবেশ করে থাকে, তাহলে এটি শুধু দুর্ভোগ নয়, জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ক্ষতিগ্রস্ত পাইপলাইন শনাক্ত করে মেরামত করা এবং সরবরাহ করা পানির মান পরীক্ষা করা।

স্থানীয়দের দাবি, মাসদাইর ও গলাচিপার যেসব এলাকায় পানিতে ময়লা ও দুর্গন্ধের অভিযোগ রয়েছে, সেসব জায়গায় সরেজমিনে পরিদর্শন করে সমস্যার মূল কারণ চিহ্নিত করতে হবে। পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থাও নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।