ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আগেও চারটি মাদক মামলা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মোবারক শাহ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মনি ওরফে মরনী (২৯) মৃত হাসান ও পাখি বেগমের মেয়ে এবং রোমানের স্ত্রী। তিনি নারায়ণগঞ্জের ১ নম্বর বাবুরাইল, ১৯০/১ নম্বর তাঁতিপাড়া এলাকার খোকন সাহেবের বাড়ি (হাজী বাড়ি) নামের ভাড়া বাসায় বসবাস করছিলেন।
১ নম্বর বাবুরাইলের মোবারক শাহ রোডে মূসা হাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে মনি ওরফে মরনীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, মনির বিরুদ্ধে আগে চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

