ফাইল ছবি
নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ৩৩৬ পিস ইয়াবা, ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জনকে মাদক ব্যবসায়ী, ৪২ জনকে মাদকসেবী এবং পাঁচজনকে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার অন্যদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৯ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, অন্যান্য মামলায় ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচজন সদস্য রয়েছেন।
পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ কেজি গাঁজা ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, একজন ছিনতাইকারী, দুজন পরোয়ানাভুক্ত আসামি, একজন অন্যান্য ধারার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্য রয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৪ কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী, চারজন মাদকসেবী, একজন ছিনতাইকারী, দুজন পরোয়ানাভুক্ত আসামি, একজন অন্যান্য ধারার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী, চারজন পরোয়ানাভুক্ত আসামি, একজন ছিনতাইকারী ও নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন।
বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে। তাঁদের মধ্যে একজন অন্যান্য ধারার আসামি এবং অন্যজন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য।
সোনারগাঁয়ে ৫১ পিস ইয়াবাসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, ১৮ জন মাদকসেবী, দুজন ছিনতাইকারী, একজন পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন।
রূপগঞ্জ থানা পুলিশ ১৬০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী এবং একজন অন্যান্য ধারার আসামি রয়েছেন।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ একজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান, পরোয়ানা তামিল ও বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে এসব অভিযান পরিচালনা করা হয়।

