মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মজুরি বৃদ্ধির দাবিতে ফের শ্রমিকদের অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৩, ৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে মজুরি বৃদ্ধির দাবিতে ফের শ্রমিকদের অবরোধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে মজুরি বাড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের পর কয়েক হাজার শ্রমিকের অবরোধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

দুপুর আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার বিভিন্ন কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা শিবু মার্কেট এলাকায় জড়ো হন। 

আন্দোলনে আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকেরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকরা কাজে না ফিরে কারখানার সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করলে আরও শ্রমিক রাস্তায় নেমে আসে বলে জানান শ্রমিকেরা। কিছুক্ষণের মধ্যে আশপাশের অন্য কারখানার শ্রমিকেরাও সেখানে এসে যোগ দেন।

এসময় শ্রমিকদের সড়কে প্রবেশ ঠেকাতে শিবু মার্কেট এলাকায় পুলিশ বাঁধা দিলেও তা অতিক্রম করে তারা মূল সড়কে উঠে পড়েন। একপর্যায়ে লিংক রোডের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে যানবাহন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে সোমবারও একই দাবিতে কাঠেরপুল এলাকায় বিক্ষোভ করে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসের পর সেদিন অবরোধ প্রত্যাহার করা হয়। মঙ্গলবার সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর আবারও আন্দোলনে নামেন তারা।