সংঘর্ষ
নারায়ণগঞ্জের জালকুড়িতে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আধা ঘণ্টার সংঘর্ষের পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে সড়কে যান চলাচল পুনরায় চালু করে পুলিশ।
এর আগে দুপুর আড়াইটার দিকে শিবু মার্কেট এলাকায় লিংক রোড অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। আন্দোলনে আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকেরা অংশ নেন।
জানা যায়, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে অন্য শ্রমিকেরাও রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা তাদের সঙ্গে যোগ দেন।
শিবু মার্কেট এলাকায় পুলিশ শ্রমিকদের মূল সড়কে উঠতে বাধা দিলেও তা অতিক্রম করে তারা লিংক রোডে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আটকা পড়ে বিভিন্ন যানবাহন।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকেরা জালকুড়ি এলাকায় গেলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, বর্তমানে লিংক রোডে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে রয়েছেন।

