ফাইল ছবি
ঈদুল ফিতরের পর নারায়ণগঞ্জের বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজি ও ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। রমজানে বেড়ে যাওয়া শসা, লেবু ও কাঁচা মরিচের দামও কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে আলুর দাম কিছুটা বেড়েছে, আর পেঁয়াজের বাজার রয়েছে স্থিতিশীল।
শুক্রবার (২৭ মার্চ) নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঈদের ছুটি শেষ হলেও বাজারগুলোতে এখনও পুরোপুরি ভিড় জমেনি। ক্রেতা-বিক্রেতা তুলনামূলক কম, তবে সরবরাহ ভালো থাকায় সবজির দাম কমতির দিকে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজারে গ্রীষ্মকালীন সবজির মধ্যে বরবটি কেজিতে ৮০ টাকা, বেগুন ৫০ থেকে ৮০ টাকা, কচুরলতি ৭০ থেকে ৮০ টাকা, করলা ৫০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, সজনে ডাটা ৮০ থেকে ১০০ টাকা এবং ধুন্দল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা। দেশি শসা ৪০ থেকে ৫০ টাকা এবং হাইব্রিড শসা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেবু হালি প্রতি ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।
ধনেপাতা দেশি ১৮০ টাকা ও হাইব্রিড ১০০ থেকে ১২০ টাকা কেজি, পুদিনা পাতা ২০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৪০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা পিস এবং ক্যাপসিকাম ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে দেখা গেছে, সোনালি কক মুরগি ৪০০ টাকা, সোনালি হাইব্রিড ৩৬০ টাকা, লাল লেয়ার ৩৩০ টাকা, সাদা লেয়ার ৩২০ টাকা এবং ব্রয়লার মুরগি ৪০ টাকা কমে ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।
মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা কেজি। এছাড়া গরুর কলিজা ৮০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা এবং বট ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
শীতকালীন সবজির মধ্যে সিম ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ৩০ থেকে ৫০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, মূলা ৫০ টাকা, ফুলকপি ৪০ টাকা পিস, বাঁধাকপি ৩০ টাকা এবং লাউ ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
শাকের দাম কিছুটা কমেছে। লালশাক আঁটি ১০ টাকা, লাউশাক ২০ টাকা, কলমিশাক দুই আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, ডাটা শাক দুই আঁটি ২০ টাকা এবং পালংশাক দুই আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়ে ২৫ টাকা হয়েছে। দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা এবং পেঁয়াজ কলি ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ইলিশের দাম কিছুটা বেড়েছে। ৩০০ গ্রাম ওজনের ইলিশ কেজি ১২০০ থেকে ১৪০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া শিং মাছ ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি শিং ১০০০ থেকে ১২০০ টাকা, রুই ৪০০ থেকে ৫৫০ টাকা, মাগুর ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কৈ ২০০ থেকে ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি ১৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং মিশ্র মাছ ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ডিমের বাজারে এক ডজন লাল ডিম ১১০ থেকে ১২০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

