রোববার, ২৮ জুন ২০২৬

|

আষাঢ় ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সিনেমা হলে আর্জেন্টিনার খেলা দেখার ব্যতিক্রমী আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৮, ২৮ জুন ২০২৬

নারায়ণগঞ্জে সিনেমা হলে আর্জেন্টিনার খেলা দেখার ব্যতিক্রমী আয়োজন

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ফুটবল উন্মাদনা নতুন কিছু নয়, তবে এবার সেই উন্মাদনায় যোগ হলো একেবারেই ভিন্নধর্মী এক মাত্রা। ঘরে বসে ছোট টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে নয়, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ মিশন সরাসরি দেখার সুযোগ মিলছে সিনেমা হলের রুপালি পর্দায়  আগামীকাল রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় আলবিসেলেস্তেরা যখন মাঠে নামবে, ঠিক তখনই নারায়ণগঞ্জের রূপালী পর্দায় জ্বলে উঠবে মেসি-জাদুর আলো।
ব্যতিক্রমী এই উদ্যোগটি নিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘চাঁদ মহল সিনেমা হল’। রূপালি পর্দার চিরচেনা নায়ক-নায়িকাদের মারদাঙ্গা অ্যাকশন কিংবা রোমান্স নয়, রবিবার সকালে এই হলের বড় পর্দায় দেখা যাবে ফুটবল মাঠের আসল লড়াই। আর্জেন্টিনা বনাম জর্ডানের এই আন্তর্জাতিক ম্যাচটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে হল কর্তৃপক্ষ।
এলাকায় এই আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। মাত্র ৫০ টাকার টিকিট কেটেই দর্শকেরা পাচ্ছেন স্টেডিয়ামের গ্যালারির মতো জমজমাট পরিবেশে খেলা দেখার অভিজ্ঞতা। হল কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী আইডিয়া লুফে নিয়েছেন স্থানীয় ফুটবল প্রেমীরা। বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে একসঙ্গে বড় পর্দায় মেসির গোল ও পাস উপভোগ করতে অনেকেই টিকিটের জন্য ভিড় করছেন হলের কাউন্টারে।
সরেজমিনে দেখা গেছে, কাঁচপুর ও সোনারগাঁ এলাকার ফুটবল ভক্তদের মাঝে টানটান উত্তেজনা। বড় পর্দায় খেলা দেখার এমন সুযোগ এর আগে কখনো পাননি বলে জানান অনেকে। স্থানীয় এক আর্জেন্টিনা সমর্থক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সিনেমার পর্দায় খেলা দেখাটা অন্যরকম এক অনুভূতি হবে। আমরা অনেক বন্ধু মিলে একসাথে টিকিট কেটেছি, হলের ভেতর স্টেডিয়ামের মতো চিৎকার করে প্রিয় দলকে সমর্থন জানাবো।”
চাঁদ মহল সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে হলের ভেতরে স্টেডিয়ামের মতো আবহ তৈরি করা হয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় এবং টিকিটের ব্যাপক চাহিদা থাকায় খেলা শুরু হওয়ার আগেই দর্শকদের হলে আসার অনুরোধ জানানো হয়েছে।