সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ফেরিতে দুই ট্রাকের চাপায় লাইনম্যান নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৯, ৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ফেরিতে দুই ট্রাকের চাপায় লাইনম্যান নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরিতে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ফেরির লাইনম্যান আশরাফ হোসেন আসাদ নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ফতুল্লার বক্তাবলী ফেরিতে এই ঘটনা ঘটে।

নিহত আশরাফ হোসেন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়া ছেলে।

স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীর দিয়ে যানবাহন পাড়া পাড়ের জন্য ফেরি দেওয়া হয়েছে। কিন্তু তার উভয় তীরের অবস্থা খুবই খারাপ। ফেরিতে উঠার পথ উঁচু-নিচু ও ভাঙা। যানবাহন ফেরিতে উঠার সময় ব্রেক ধরেও গাড়ি থামাতে পারে না। আজও প্রথমে একটি ট্রাক উঠে। পরে আরেকটি ট্রাক উঠার সময় আশরাফ হোসেন আসাদ সেরিয়াল দেখাচ্ছিলেন। এসময় ট্রাকটি ফেরিতে দ্রুত গতিতে উঠে। তখন আসাদ দুই ট্রাকের মাঝখানে পড়ে গুরুতর আহত হয়। এসময় ফেরিতে থাকা লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিছুদিন আগে উঁচু-ভাঙা সড়কের কারণে কয়েক মাস আগে ফেরির কাছে আখের রস বিক্রেতা ট্রাকের চাপায় মারা যায়। তার আগে ফেরিতে নিরাপত্তা বেষ্টনী না থাকায় বেশ কয়েকটি যানবাহন মাঝ নদীতে পড়ে যায়।

স্থানীয়দের দাবি, ফেরিতে উঠার সড়ক মেরামত করতে হবে এবং ফেরিতে যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।