ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডের তল্লা এলাকায় ওয়াসার পানির তীব্র দুর্গন্ধ ও দূষণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার তল্লার মোড় থেকে শুরু করে তল্লা প্রাইমারি স্কুল, আশরাফ পাগলার মাজার এবং রতন ফকিরের বাড়ি সংলগ্ন এলাকা জুড়ে সরবরাহকৃত পানিতে ময়লার তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়াসার সুপেয় পানির লাইনে ড্রেনের বিষাক্ত ও ময়লা পানি মিশে একাকার হয়ে গেছে। সরবরাহকৃত এই পানি পান করা তো দূরের কথা, নিত্যদিনের রান্নাবান্না, গোসল বা গৃহস্থালির কোনো কাজেও ব্যবহার করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে ওই অঞ্চলের হাজার হাজার মানুষ তীব্র সুপেয় পানির সংকটে পড়েছেন এবং পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিকল্প উপায়ে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন চরম ভোগান্তিতে থাকা তল্লাবাসী। দ্রুততম সময়ের মধ্যে পানির লাইন সংস্কার করে পরিচ্ছন্ন ও নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

