নজরুল ইসলাম আজাদ
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, কিছু মালিকদের মধ্যেও সমস্যা আছে। যারা পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেছে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। যারা পরিস্থিতি ঘোলা করার অপচেষ্টা করবে আমরা তাদের ব্যাপারে সঠিক ব্যবস্থা নেব, প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা তাদের রাজনৈতিক ভাবেই মোকাবিলা করবো।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট মোড়ে শ্রমিক আন্দোলন ও চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পরে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিকে নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করেন তিনি।
তিনি বলেন, বিরোধীদের কেউ কেউ স্বাগত জানিয়েছেন মিছিল করেছেন। এই দেশটাতো সবার। জনগণের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা না করে জনগণের পাশে থাকুন।
সমাবেশ ও সমাবেশের পরিধি আছে। অনেকে সাতজন নিয়েও সমাবেশ করে। গতকাল বিসিকে সমাবেশ ডেকেছে সেখানে দশজন লোক ছিল। এমন লিফলেট দিয়ে পরিবেশটা অস্থিতিশীল করার একটা চেষ্টা হতে পারে।
এখানে একটা শ্রেনী উস্কানি দিচ্ছে পেছন থেকে। যারা তর্ক করছে উস্কানি দিচ্ছে তাদের অনেকেই গার্মেন্টস কর্মী না। অনেকে ট্রাকে করে লাঠিসোঁটা নিয়ে আসছে। তারা গার্মেন্টস কর্মী না। এরা কারা? গতকাল নিষিদ্ধ সংগঠনের কয়েকজন শ্রমিকদের মধ্য থেকে গ্রেপ্তার হয়েছে।
আমি নিজেও গার্মেন্টস মালিক। ফ্যাক্টরিতে অস্থিতিশীলতা করবে এমন শ্রমিক এক দুই শতাংশ। নিষিদ্ধ সংগঠন তাদের নিয়েই একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।
সতেরো বছর গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। এটা বিএনপি একা করেনি। মানুষ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে। তিনি মজুরি কমিশন গঠন করে দিয়েছেন।
তিনি আরো বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিদেশি মুদ্রা আয় করছে। এটা আমাদের অর্থনীতির বিশেষ একটা পার্ট। এখন অনেক জায়গায় গার্মেন্টস শিল্প গড়ে উঠছে। আমরা যেহেতু গার্মেন্টস শিল্পে ভাল অবস্থানে আছি সেজন্য ষড়যন্ত্র থাকতেই পারে। তবে আমি শ্রমিকদের বলতে চাই এ দেশ আপনাদের, এই ফ্যাক্টরি আপনাদের। আপনারা ষড়যন্ত্রে পা দিবেন না। আপনারা বাংলাদেশকে রক্ষা করেন, আপনাদের ফ্যাক্টরিকে রক্ষা করেন, মালিকদের রক্ষা করেন।

