শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের রগ কেটে দিল মাদক ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪২, ৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের রগ কেটে দিল মাদক ব্যবসায়ীরা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে  পুলিশের এক কনস্টেবলের হাত-পা ভেঙে ও রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়  ও স্বজনরা জানায় , পুলিশ সদস্য আবুল কালাম দীর্ঘদিন ধরেই মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে দুই স্থানীয় মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে ধরিয়ে দেন। এর পর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল পুলিশ সদস্য কালামকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল।

ঘটনার রাতে অভিযুক্ত শাহজালাল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যায় আবুল কালামকে। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যায় । সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহজালাল ও তার ১০-১৫ জনের একদল কালামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দেয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

আবুল কালামের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানায়, লিখিত অভিযোগ পেলে হামলাকারীর বিরুদ্ধে আন্দোলনের ব্যবস্থা গ্রহণ করা হবে।