মানববন্ধন
এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইলের নিলভিটা এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের এক পাশে রয়েছে গ্রাম, অন্য পাশে তাঁদের প্রায় এক হাজার বিঘা কৃষিজমি ও স্থানীয় কবরস্থান। এসব কৃষিজমির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন এলাকার অসংখ্য কৃষক। কৃষিকাজ, মৃত ব্যক্তির দাফনসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পারাপার হতে হয় তাঁদের। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
তাঁরা আরও জানান, সড়কের ওপারে থাকা কৃষিজমিতে যাতায়াত করতে না পারায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। অন্যদিকে পরিবারের কেউ মারা গেলে মরদেহ নিয়ে কবরস্থানে যাতায়াত করতেও চরম ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় এলাকাবাসীর নিরাপত্তা ও জীবন-জীবিকার স্বার্থে দ্রুত একটি আন্ডারপাস নির্মাণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ সড়ক পারাপারের জন্য জেব্রা ক্রসিং স্থাপনের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আমির হামজা সাজোয়ার, রূপগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ বিন আজিজ শরীফ, রূপগঞ্জ উপজেলা যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ সান অপু, ইউনিয়ন যুবদল নেতা মামুন হাসান অভিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

