ভ্রাম্যমাণ আদালত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ সবজির বীজ বিক্রির দায়ে দুটি বীজের দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় বিশেষ তদারকিমূলক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে বীজ প্রত্যয়ন অফিসের অনুমোদনহীন ‘রড মিনিকেট’ বীজ এবং কৃষি প্রণোদনার আওতায় বিতরণের জন্য দেওয়া, বিক্রির অনুপযোগী বীজ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে মেসার্স আক্তার হোসেন বীজ ঘরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ সবজির বীজ রাখার দায়ে মেসার্স সেলিম এন্টারপ্রাইজকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটির কাছ থেকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আশরাফ উজ্জামান এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে।

