ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত ৫টি চুনা কারখানা উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে ঝাউচর বালুর মাঠ সংলগ্ন ১টি, মেঘনা আইডিয়াল কিন্ডারগার্টেন সংলগ্ন ১টি, মসজিদ সংলগ্ন ১টি, প্রতাপেরচর এলাকায় আব্দুল মোনেম সুগার মিলের বিপরীত পাশে ১টি এবং সল্ট ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে ১টিসহ মোট ৫টি চুনা কারখানা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) তারিকুল ইসলাম এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী শবিউল আওয়ালের নেতৃত্বাধীন একটি দল।
অভিযান চলাকালে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় কারখানাগুলোর আগুন নিয়ন্ত্রণ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

