ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি পুরোনো চুরি মামলার তিন আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন পরোয়ানাভুক্ত আসামি এবং একজন অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গত ২৫ জুন দিনব্যাপী ও দিবাগত রাতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুন্সিকান্দি এলাকার মৃত ফয়জুদ্দিনের ছেলে মো. হাসান (৩০), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার চৌধুরীবাড়ী তাঁতখানা এলাকার মো. মুসলিমের ছেলে মো. আকাশ (২১) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বোয়ালিয়া শান্তিবাজার এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে হৃদয় (৩০)। তারা সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি পুরোনো চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
এছাড়া সিদ্ধিরগঞ্জ উপজেলার কদমতলী এলাকার হারুন অর রশিদের ছেলে মো. আওলাদ হোসেন এবং হাজী মো. মনির উদ্দিন সুপার মার্কেট এলাকার আফতাব উদ্দিন আলীর ছেলে মো. আলী নুর হোসেন আলমকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
অপরদিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার তাঁতখানা বউবাজার এলাকার লুৎফর রহমানের ছেলে মো. অনিক (২১)কে অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

