সোমবার, ২৯ জুন ২০২৬

|

আষাঢ় ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে শব্দদূষণ বিরোধী অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৬, ২৯ জুন ২০২৬

সোনারগাঁয়ে শব্দদূষণ বিরোধী অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং দুইটি অবৈধ হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার জানান, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে শব্দদূষণকারী দুইটি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দুইটি যানবাহনের মালিকের কাছ থেকে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে শব্দদূষণের জন্য ব্যবহৃত দুইটি হর্ন জব্দ করা হয়।

তিনি বলেন, অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় সোনারগাঁও থানা পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।