প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. শাহিন মিয়া (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার ১২ জুলাই সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় নির্মাণাধীন মদিনা টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তেলিয়া হরিপুর গ্রামের মৃত আব্দুল মন্নাছ ও মৃত হাজেরা খাতুনের ছেলে।
জানা যায়, সকালে নির্মাণকাজ করার সময় অসাবধানতাবশত ভবনের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন শাহিন মিয়া। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের ছেলে শাকিব ইসলাম (১৮) ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

