মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

|

ভাদ্র ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৯, ১৭ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারীকে মারধরের পর জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মো. রানাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৭ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি রানা নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জের মৌচাক বসু মার্কেটের একটি টিনের কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন বিকেলে রানা ওই নারীর বাসায় গিয়ে ভাত খেতে চান। ভুক্তভোগী অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকায় তাকে নিজে খাবার নিয়ে খেতে বলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, খাবার খাওয়ার পর ভুক্তভোগীকে একা ও ঘুমন্ত অবস্থায় পেয়ে রানা তাকে কুপ্রস্তাব দেন এবং জোরপূর্বক জাপটে ধরেন। এ সময় ওই নারী বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে তার পরনের পোশাক খুলে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে রানা তাকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগীর ছোট ভাই আকাশ মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলা হওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রানাকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।