প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় আলমের পঁচা সাবান ফ্যাক্টরি সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ওই বাসায় কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী যুবতী (৩০) নিজ কক্ষে অবস্থান করছিলেন। এ সময় তার আপন ছোট ভাই মো. রানা (২৫) জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাদের বৃদ্ধা মা রানী বেগম গ্রামের বাড়িতে ছিলেন। একই সঙ্গে বড় ভাই ও ভাবি পেশাগত কাজে বাইরে থাকায় বাসাটি ফাঁকা ছিল। এ সুযোগেই অভিযুক্ত রানা তার বোনের কক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত মো. রানা (২৫) মৃত কবির হোসেন ও রানী বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজিপুর এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সালেকুজ্জামান জানান, “আপন বড় বোন তার ছোট ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

