ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অতিরিক্ত লোড ব্যবহারের অভিযোগে অটোরিকশার একাধিক গ্যারেজে মধ্যরাতে অভিযান চালিয়েছে ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ (এনওসিএস) শাখা ও জেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে একটি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে অভিযানে ডিপিডিসির কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় জসিম উদ্দিনের অটোরিকশার গ্যারেজে অতিরিক্ত লোড এবং পাশের একটি গ্যারেজে মিটারবিহীন সংযোগ পাওয়ায় বিদ্যুৎ আইনের ৩৮ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মিটারবিহীন গ্যারেজটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকায় রাজা নামে এক গ্যারেজ মালিককে ১ লাখ টাকা এবং মজিবুর রহমানের গ্যারেজে বিদ্যুৎ চুরি ও অতিরিক্ত লোড ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় শাকিলের তিনটি অটোরিকশার গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহারের অভিযোগে আরও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ এনওসিএসের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপ-সহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম ও মো. অলিউল্ল্যাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, বিদ্যুৎ চুরি রোধে বিদ্যুৎ আইনের ৩৮ ধারায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মধ্যরাতে আকস্মিক এ অভিযানে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

