অভিযান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে তারাব জোনাল অফিস।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তারাব জোনাল অফিসের আওতাধীন নোয়াপাড়া, তারাব বাজার, মোগড়াকুল, হাটিপাড়া ও সুলতান এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহায়তায় পরিচালিত অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি প্রতিরোধে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হয়।
অভিযান চলাকালে ৫টি অটোরিকশা চার্জিং গ্যারেজ এবং ১০টি আবাসিক স্থাপনায় অভিযান চালানো হয়। এ সময় হুকিং ও অবৈধ সার্ভিস ড্রপের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ৩টি আবাসিক ঘরসহ কয়েকটি বাণিজ্যিক স্থাপনায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।
এ ছাড়া অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে এমন ৬টি মিটারের সংযোগ পোল থেকে বিচ্ছিন্ন (ডিসি) করা হয়।
তারাব জোনাল অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধ, বিদ্যুৎ চুরি রোধ এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ সংযোগ বা হুকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

