মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৬, ৬ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

ফাইল ছবি

‘দেশে আসলে রেমিট্যান্স সমৃদ্ধ হবে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে জাপানের ভিসাপ্রাপ্ত দুইজনের হাতে ভিসা তুলে দেওয়া হয়।
রোববার রাতে উপজেলার মৈকুলীর পাশের খিদিরপুর এলাকায় সুবাকি জাপানিজ ভিসা কনসালটেন্ট সেন্টারের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সুবাকি জাপানিজ ভিসা কনসালটেন্ট সেন্টারের মাধ্যমে এ পর্যন্ত ৩০ জনের বেশি ব্যক্তি জাপানের ভিসা পেয়ে দেশটিতে গেছেন। এছাড়া আরও কয়েকজনের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে। কম সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ভিসাপ্রাপ্তরা কনসালটেন্ট সেন্টারটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিসাপ্রাপ্তরা বলেন, বিদেশে গিয়ে কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হয়েছে। জাপান থেকে বৈধ পথে দেশে অর্থ পাঠিয়ে রেমিট্যান্স প্রবাহে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন, স্বল্প সময়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ায় সুবাকি জাপানিজ ভিসা কনসালটেন্ট সেন্টারের প্রতি তারা কৃতজ্ঞ। তাদের মতে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে সঠিক পরামর্শ ও সহযোগিতা পেলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে এবং দেশের রেমিট্যান্স আয়ও বৃদ্ধি পাবে।
সুবাকি জাপানিজ ভিসা কনসালটেন্ট সেন্টারের পরিচালক হাজী মো. হানিফ ভূঁইয়া বলেন, ‘এটি শুধু ব্যবসা নয়; বাংলাদেশে ব্যক্তি ও পরিবারকে স্বাবলম্বী করতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে এ সেন্টারের মাধ্যমে আরও অধিক সংখ্যক জনবল জাপানে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।’
তিনি বলেন, বৈধভাবে বিদেশে গিয়ে কর্মসংস্থানের মাধ্যমে প্রবাসীরা যেমন নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন, তেমনি দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।