ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার কেজি গাঁজাসহ ‘কোবরা বাহিনীর’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার কুতুবাইল কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফতুল্লার রামারবাগ এলাকার মিশর গার্মেন্টসসংলগ্ন এলাকার মৃত চাঁন মিয়া গাজী ও ছালেহা বেগমের ছেলে উজ্জল গাজী (২৮), পটুয়াখালীর সারিকখালী এলাকার মৃত কাসেম আঁকনের ছেলে রাসেল আঁকন (৪০) এবং ফতুল্লার রামারবাগে মেট্রো গার্মেন্টসের সামনের এলাকার মো. রিপনের ছেলে সানি (২৭)। রাসেল বর্তমানে ফতুল্লার কাঠেরপুলে মেট্রো গার্মেন্টসসংলগ্ন হাজী হাসেমের বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে কুতুবাইল কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চার কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই মিজানুর রহমান বাদী হয়ে ফতুল্লা থানায় এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় ১৩ অক্টোবর মামলা নম্বর ৩৫ হিসেবে মাদকদ্রব্য উদ্ধারসংক্রান্ত মামলা রুজু করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

