ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট প্রদান কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। ভোটগ্রহণের দিন প্রার্থীরা নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম নগরীর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করবেন। তিনি ওই কেন্দ্রের নিয়মিত ভোটার হিসেবে নির্ধারিত সময়ে ভোট দেবেন বলে জানা গেছে।
একই আসনে খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে স্থাপিত কেন্দ্র-২ এ ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত লাঙ্গলবন্দ ভোটকেন্দ্রে ভোট দেবেন। এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রেখে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এদিকে সিপিবির প্রার্থী মন্টু চন্দ্র ঘোষ পশ্চিম দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন হাই স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। তিনি কেন্দ্র-১ এর উত্তর পাশের ভবনে নিজের ভোট দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ২৪ নম্বর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দেবেন। কেন্দ্রটি ৪১/১ নবাব সলিমুল্লাহ রোডে অবস্থিত।
এ ছাড়া গণসংহতি আন্দোলনের প্রার্থী তারিকুল ইসলাম উত্তর চাষাঢ়া চানমারী এলাকার হেরিটেজ স্কুলে স্থাপিত কেন্দ্র-২ এ ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ওই কেন্দ্রের তৃতীয় তলায় ভোট দেবেন বলে জানা গেছে।
নির্বাচনকে ঘিরে সদর ও বন্দর এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ভোটের দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ চালিয়ে গেছেন। স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়।
নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনটি নগর কেন্দ্রিক হওয়ায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এবারের নির্বাচনেও এই আসনের ভোটগ্রহণ ও ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিশেষ নজর রয়েছে।

