ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–আলীরটেক, গোগনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট প্রদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণের দিন প্রার্থীরা নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন পাইনদি এলাকার হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দেবেন। তিনি কেন্দ্র-২ এর টিনশেডের পশ্চিম অংশে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
বিএনপি জোট সমর্থিত ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত মুসলিমনগর ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। প্রার্থী ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
একই আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম শাহ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় স্থাপিত ফতুল্লা ভোটকেন্দ্রে ভোট দেবেন। তিনি কেন্দ্র-১ এ ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আরেক স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন সিদ্ধিরগঞ্জ এলাকার রেবেতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট দেবেন। তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় অবস্থিত কেন্দ্র-২ এ ভোট প্রদান করবেন।
এদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দেবেন। তিনি হরিহরপাড়া এলাকার এম. এ. লতিফ বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কেন্দ্র-৩ এ ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
নির্বাচনকে ঘিরে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ভোটের দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের সঙ্গে যোগাযোগ ও প্রচারণা করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনটি শিল্প ও জনবহুল এলাকা হওয়ায় বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এবারের নির্বাচনেও এই আসনের ভোটগ্রহণ ও ফলাফল নিয়ে স্থানীয় ও রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ রয়েছে।

