নৌ-পরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম
নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের লাইটারেজ জাহাজ এবং বিভিন্ন নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন করেছেন নৌ-পরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
পরিদর্শনকালে অনিয়মের সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের খানপুর আইসিটি ও বাঙ্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য মাছঘাট টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে লাইটারেজ জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে গমসহ বিভিন্ন নিত্যপণ্য আটকে রাখা হচ্ছে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা রয়েছে। সরেজমিনে এমন কিছু প্রমাণ পাওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।
প্রকল্পের বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, বিশ্বব্যাংকের অর্থায়নে একটি টার্মিনাল প্রকল্প বর্তমানে বন্ধ থাকলেও জনস্বার্থ বিবেচনা করে সরকার নিজস্ব অর্থায়নে সেটিকে সচল করার উদ্যোগ নিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে টার্মিনালটি কার্যকরী বা ফাংশনাল করার কাজ শুরু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
আসন্ন ঈদযাত্রা নিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এবার যাতায়াত আরও স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। একই সঙ্গে চাঁদাবাজি এবং কৃত্রিম সংকট সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন তিনি।

