ফাইল ছবি
আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার পৃথক স্থানে দুর্বৃত্তদের হামলায় বিএনপির ৩ নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হামছাদী থেকে শুরু করে বালুয়াদীঘিরপাড়া পর্যন্ত ড্রেজার বসিয়ে বালুর ব্যবসা পরিচালনা করে আসছেন পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই বালু ব্যবসাকে কেন্দ্র করে সোনারগাঁ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মো. ইব্রাহিম, ইসরাফিল, রায়হান, নজরুল ইসলাম, মো. রোমান (২৪), ইমাম হাসান, মো. সোহাগ, মো. সিয়ামসহ ২০ থেকে ২৫ জনের একটি দল পরিকল্পিতভাবে ড্রেজারের পাইপ স্থাপন করতে বাধা প্রদান করেন।
এ সময় আব্দুর রাহিম ও আবু সাঈদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিমের লোকজন পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ ও পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে আবু সাঈদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে রাতে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিককে দুপুরে সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় একা পেয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
হুমায়ুন কবির রফিক জানান, তিনি একজন ঠিকাদার। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা প্রকৌশলী (এলজিইডির) কার্যালয় থেকে তাকে অজ্ঞাত এক ব্যক্তি ডেকে নিয়ে যায়। সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের বাহিরে পৌঁছার পর সেখানে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে পিটিয়ে আহত করে। কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে তা সিসি টিভি ফুটেজ চেক করলেই চিহ্নিত করা সহজ হবে।
এদিকে সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ ও শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেনের ওপর হামলার ঘটনার বিষয়ে সোনারগাঁও পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ড্রেজারে বালু ভরাট ব্যবসাকে কেন্দ্র করে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরের বাহিরে হুমায়ুন কবির রফিকের ওপর হামলার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। দুটি ঘটনাই তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

