ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের প্রায় দেড় বছর ধরে কোন কমিটি নেই। এর ফলস্বরূপ, ছাত্রদলের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ছাত্রদলের এই অকার্যকরী অবস্থা তাদের সাংগঠনিক শক্তি হ্রাস পেয়েছে। কমিটির জন্য অধীর আগ্রহে বসে আছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে নারায়ণগঞ্জ শহরে সংগঠনটির সাথে তরুণদের দূরত্ব তৈরি করেছে। জেলাজুড়ে যুবক ও তরুণ সমাজের কাছে তাদের অনুপস্থিতি বিএনপির প্রার্থীর জন্য সমস্যা তৈরি করেছে যা গত জাতীয় সংসদ নির্বাচনে পরিলক্ষিত হয়েছে।
ছাত্রদলের কমিটি না থাকায় এবং তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে বিএনপির প্রার্থীরা ভোটের মাঠে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। তরুণ ভোটারদের সাথে বিএনপির সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা নির্বাচনে নিজেদের অবস্থান থেকে কাজ করার চেষ্টা করলেও সাংগঠনিক কাঠামোর অভাবে তারা সাড়া ফেলতে পারেননি। অন্যদিকে কমিটি না থাকায় ছাত্রদলের বিগত কমিটির অনেক নেতাদের মাঝে গা ছাড়া ভাব দেখা গেছে।
নারায়ণগঞ্জের মত গুরুত্বপূর্ণ জেলায় পিছিয়ে পড়া শুধু ছাত্রদলের জন্যই নয় এটি বিএনপির জন্যও একটি বড় শঙ্কার বিষয়। ছাত্রদল যদি তাদের সাংগঠনিক দুর্বলতা কাটাতে না পারে, তাহলে বিএনপির জন্য আগামী নির্বাচনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

