প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাক্ষনদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকার দারুল উলুম মাদরাসার সামনে আড়াইহাজার-গাউছিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাসফিয়া (৭) কুমিল্লা জেলার হোমনা থানার আবুল হোসেনের মেয়ে। এ ঘটনায় আবুল হোসেন ও তার স্ত্রী নাসিমা বেগম আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সকালে সিএনজি ও বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি।

