ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে অপহৃত ভিকটিম সহ হানি ট্র্যাপ চক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- ২১ নং ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে মোঃ আকাশ (২৪), বন্দরের আমিন আবাসিক এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে মোঃ সিয়াম (২২), সৈয়দপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ ফয়সাল (২৮), বন্দরের বাবুপাড়া এলাকার রাষ্ট্র চন্দ্র শীলের ছেলে সঞ্জয় শীল (২০) ও সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকার জামাল হোসেনের ছেলে মোঃ বায়েজিদ (২৩)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অপহৃত কিশোর ঢাকার আজিমপুরের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত ১ মাস পূর্বে TanTan ডেটিং অ্যাপস এর মাধ্যমে ইনায়া শেখ নামক একটি আইডির সাথে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একটা পর্যায়ে ইনায়া শেখ ভিকটিমের সাথে দেখা করতে বিভিন্ন প্রলোভন দেখাতে থাকে। ভিকটিম ও সেই প্রলোভনের ফাঁদে পড়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চর ধলেশ্বরী এলাকায় আসতে বললে ভিকটিম গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উক্ত স্থানে পৌঁছায়। পৌঁছে ইনায়া শেখকে কল দিলে সে উক্ত স্থানে আসতেছে বলে জানায় এবং একটু অপেক্ষা করতে বলে। এর কিছুক্ষণ পর ৯/১০ জন লোক এসে ভিকটিমকে জোরপূর্বক ধরে অপহরণ করে পাশের একটি ভুট্টা ক্ষেতের গভীরে নিয়ে যায়। এবং সেখানে নিয়ে ব্যাপক মারপিট করে সকল মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং তার কাছে ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে মেরে ভুট্টা ক্ষেতে ফেলে চলে যাবে।
পরবর্তীতে ভিকটিমের মোবাইল থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে দ্রুত টাকা পাঠানোর কথা বলে। পরিবার অপহরণকারীদেরকে সাময়িক শান্ত করার জন্য ৪ হাজার ৫০০ টাকা বিকাশ করেন এবং পাশাপাশি বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
গত ২৫ ফেব্রুয়ারি বিকালে র্যাব-১১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চরধলেশ্বরী এলাকার গভীর ভুট্টা ক্ষেতের ভিতর অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার সহ হানি ট্র্যাপ চক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

