ফাইল ছবি
শীতলক্ষ্যার পূর্ব পাড়ে ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বন্দর উপজেলার নবীগঞ্জে অবস্থিত ঐতিহাসিক কদমরসুল দরগাহ শরীফ। এখানে সংরক্ষিত আছে হযরত মুহাম্মদ (সাঃ)-এর পদচিহ্ন সম্বলিত পবিত্র কদম মোবারক।
সাড়ে চারশ বছরেরও বেশি সময় আগে হাজী নূর মোহাম্মদ নামক এক সাধক আরব দেশ থেকে এই কদম রসূল বাংলাদেশে নিয়ে আসেন। পরবর্তীতে ঈশা খাঁ এবং মাসুম খাঁন কাবুলির প্রচেষ্টায় একটি উঁচু টিলা তৈরি করে এটি সংরক্ষণের ব্যবস্থা করা হয়। মোঘল সম্রাট শাহজাহান এবং শাহজাদা খুররমও এই দরগাহ জিয়ারতে এসেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে।
১৭৭৭-৭৮ সালে ঢাকার জমিদার গোলাম নবী এক গম্বুজবিশিষ্ট কক্ষটি নির্মাণ করেন এবং ১৮০৫ সালে তার পুত্র প্রধান প্রবেশদ্বারটি তৈরি করে দেন। বর্তমানে এটি একটি বিশাল কমপ্লেক্স যেখানে মসজিদ, মাজার এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। প্রতি বছর দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও অনুরাগী বরকত লাভের আশায় এখানে ছুটে আসেন।

