ফাইল ছবি
নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে না। অতীতে ইফতার মাহফিলসহ দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করতে দেখা গেলেও এখন আর আগের মত তোরজোর নেই রাজনৈতিক দলগুলোর মাঝে। গত বছর নির্বাচনের পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে ইফতার বিতরণের প্রতিযোগীতা চললেও এবার নিষ্ক্রিয় তারা।
গত বছর রমজানজুড়ে রাজনৈতিক দলগুলো ছিল সরব। রমজানে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে ইফতার মাহফিলসহ নানা আয়োজন করেছিল তারা।
শহরের হোসিয়ারি সমিতিতে রমজান মাসজুড়ে সরব ছিলেন বিএনপি নেতাকর্মীরা। খাদ্য সামগ্রী বিতরণ ইফতার মাহফিলসহ নানা কর্মসূচি পালন করেছিলেন তারা। দলীয় ব্যানারের বাইরেও নেতারা ব্যাক্তিগত উদ্যোগে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন।
তবে এবছর বিএনপি নেতাকর্মীদের সক্রিয়তা চোখে পড়েনি। নারায়ণগঞ্জে গত বছর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের রমজানে ইফতার ও রমজান কেন্দ্রীক কার্যক্রম জোরালো ছিল। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এখন আর মাঠে দেখা যাচ্ছেনা তাদের। এমনকি বিএনপির মনোনীত ও বিজয়ী প্রার্থীরাও নারায়ণগঞ্জের কোথাও রমজানকে ঘিরে কোন কর্মসূচি হাতে নেননি।
এছাড়াও গত বছর জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও রমজান মাসে সরব দেখা গেছে। তবে এবার তাদের সক্রিয়তা চোখে পড়ছে না। জামায়াত কিছুটা সক্রিয় থাকলেও কার্যক্রম নেই বাকিদের।

