রোববার, ১৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রশাসক নিয়োগ: রূপগঞ্জ ইউপি নির্বাচন বানচালের অভিযোগ জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০২, ১৯ জুলাই ২০২৬

প্রশাসক নিয়োগ: রূপগঞ্জ ইউপি নির্বাচন বানচালের অভিযোগ জামায়াতের

সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক ও সদস্য নিয়োগের মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বানচালের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রূপগঞ্জ ইউনিয়ন শাখা।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার পিতলগঞ্জস্থ ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, সরকার সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা নূরনবী ভূঁইয়াসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহিলাদলের নেত্রীদের ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে। 

তারা দাবি করেন, এ ধরনের দলীয় নিয়োগ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবু বকর সিদ্দীক, কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম ও মো. আব্দুল বাছির।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু তাহের মোল্লা, কর্মপরিষদ সদস্য নেয়ামুল কবির জিলান, মাওলানা আব্দুল বারী, আনোয়ার হোসেন, বাবুল মিয়া, মানিক, সাজাহান, মজিবর, আব্দুল আহাদ, আব্দুল্লাহ, নজরুল ইসলাম, মনজুর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের পথ সুগম করা। কিন্তু রূপগঞ্জ ইউনিয়নে প্রশাসক ও সদস্য নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি, পূর্বাচল এলাকার সীমানা ও ভোটারসংক্রান্ত জটিলতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এ ধরনের নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা দ্রুত নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের দাবি জানান।