শনিবার, ১৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষার্থীরা পিছু হঠলে দেশ স্বৈরাচারমুক্ত হতো না: মুনতাছির আহমাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৯, ১৭ জুলাই ২০২৬

আপডেট: ২১:১৯, ১৭ জুলাই ২০২৬

শিক্ষার্থীরা পিছু হঠলে দেশ স্বৈরাচারমুক্ত হতো না: মুনতাছির আহমাদ

তৃণমূল প্রতিনিধি সভা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেছেন, শিক্ষার্থীরা যদি অন্যায়ের বিরুদ্ধে বারবার রাজপথে না নামত, তাহলে দেশ কখনোই স্বৈরাচারমুক্ত হতো না। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে।

শুক্রবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জ শহরের আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘তৃণমূল প্রতিনিধি সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুনতাছির আহমাদ বলেন, একজন শিক্ষার্থী কেবল নিজের ভবিষ্যৎ গড়ার জন্যই নয়, বরং দেশ ও জাতির অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারের প্রতিটি আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসের অংশ হয়ে আছে।

তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা নিজেদের জীবন উৎসর্গ করে দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের সাহস ও ত্যাগের কারণেই স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের বিজয় সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে বলেন, জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশ, জাতি ও মানবতার কল্যাণে সংগঠনের প্রতিটি কর্মীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ছাত্রসমাজের মধ্যে নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক এম মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীরা।