আজহারুল ইসলাম মান্নান
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে দুই লাখ গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী দিনের বাংলাদেশ হবে সবুজে ঘেরা, যেখানে মানুষ নির্মল পরিবেশে বসবাস করবে।
রোববার (১৯ জুলাই) সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত ‘সবুজ বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস. এম. আসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আকরাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. কবির আব্দুল কাদের জিলানী হীরা, জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মাহবুব, বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মকে সচেতন করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।###

