ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মসজিদকে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিভাজনের ঊর্ধ্বে রাখতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়।
শুক্রবার (১৭ জুলাই) ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন তক্কার মাঠ বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।
জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, মসজিদের কমিটি গঠন ও পরিচালনার ক্ষেত্রে স্থানীয় মুরুব্বি, মুসল্লি এবং এলাকার মানুষের মতামতকে প্রাধান্য দিতে হবে। কোনো ধরনের জোর-জবরদস্তি বা রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে মসজিদের পরিবেশ নষ্ট করা উচিত নয়।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেই বিভেদ যেন কখনো মসজিদে প্রবেশ না করে। মসজিদে সবাই মুসল্লি, এখানে দলীয় পরিচয়ের চেয়ে বড় পরিচয় হলো ঈমান ও ইবাদত। তাই মসজিদকে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সকলের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত করতে হবে।
সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মসজিদকে যদি ঐক্য ও ইবাদতের কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তাহলে সমাজের অনেক বিভেদ ও অস্থিরতা দূর করা সম্ভব হবে।
এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকলকে মসজিদের পবিত্র পরিবেশ রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। নামাজ শেষে এমপি আব্দুল্লাহ আল আমিন উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

