ফাইল ছবি
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোশ পরে স্লোগান দিতে দেখা যায়।
শুক্রবার (১৭ জুলাই) আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘মিথ্যা মামলা প্রত্যাহার করো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং আওয়ামী লীগ কর্মী মাহফুজ খন্দকারের নেতৃত্বে দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সড়কে বিক্ষোভ করেন। কয়েকজনকে শেখ হাসিনার মুখোশ পরে মিছিলের সামনের সারিতে অবস্থান করতে দেখা যায়।
তবে মিছিলটি নারায়ণগঞ্জের কোন এলাকায় এবং কখন অনুষ্ঠিত হয়েছে তা জানা যায়নি।

