শনিবার, ১৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যায় ডুবুরি সাদিকের মৃত্যু: তদন্তে তিন সদস্যের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৬, ১৭ জুলাই ২০২৬

শীতলক্ষ্যায় ডুবুরি সাদিকের মৃত্যু: তদন্তে তিন সদস্যের কমিটি

ফাইল ছবি

শীতলক্ষ্যা নদীতে দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি মো. সাদিকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহউদ্দিন আহমদকে প্রধান করে গঠিত এ কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি জানান, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সাদিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাঁর নিজ জেলা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা মো. সাদিক নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে স্টেশনসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজে অংশ নেন তিনি।

সকাল ১১টার দিকে সহকর্মীদের সঙ্গে স্পিডবোটে অবস্থান করে পরিষ্কার কার্যক্রম পরিচালনার সময় তিনি হঠাৎ নদীতে পড়ে যান। এরপর তাঁকে খুঁজে বের করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ অনুসন্ধানের পর প্রায় আট ঘণ্টা পরে ঘটনাস্থল থেকে কয়েকশ গজ দূরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সম্ভবত স্পিডবোট ও পল্টুনের নিচের অংশে দিক হারিয়ে ফেলেছিলেন। প্রবল স্রোতের কারণে তাঁর মরদেহ দূরে সরে যায়।

তিনি আরও বলেন, ঘটনার সময় সাদিকের সঙ্গে থাকা অন্য দুই ডুবুরি ধারণা করছেন, নদীতে পড়ে যাওয়ার সময় তিনি মাথায় আঘাত পেয়ে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে।

মো. সাদিক ছিলেন ফায়ার সার্ভিসের একজন দক্ষ ও অভিজ্ঞ ডুবুরি। দায়িত্ব পালনে সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে গত বছর তিনি রাষ্ট্রীয় পদকে ভূষিত হন। বিভিন্ন উদ্ধার অভিযানে তাঁর অবদান সহকর্মীদের কাছে প্রশংসিত ছিল। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের একটি লেকে ডুবে যাওয়া তিনজনের মরদেহ উদ্ধারের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।