রোববার, ১৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কুতুবপুর ইউনিয়নে জামায়াতের নাগরিক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫২, ১৮ জুলাই ২০২৬

কুতুবপুর ইউনিয়নে জামায়াতের নাগরিক সমাবেশ

নাগরিক সমাবেশ

নারায়ণগঞ্জে 'জুলাই সনদ' বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ১৮ জুলাই শনিবার সন্ধায় এক বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে হলে 'জুলাই সনদ' পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।"

​তিনি আরও বলেন, "দেশ থেকে জুলুম-নির্যাতন হটিয়ে জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আমাদের অবিচল থাকতে হবে। ঈমানদার জনতা কখনোই কোনো অন্যায় ও অপশক্তির কাছে মাথা নত করবে না।"

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান মিয়াজী, জেলা ইউনিট সদস্য,  মোঃ সাইফুল্লা কামাল, ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম, থানা সেক্রেটারি এনামুল হক।

​বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে স্থানীয় নানা সমস্যা তুলে ধরেন এবং একটি আদর্শ সমাজ গঠনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।

কুতুবপুর ৯নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন বেলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক সমাবেশে ওয়ার্ডের বিপুলসংখ্যক সাধারণ নাগরিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়নের শপথ নিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।